না.গঞ্জে জামায়াতের আমিরসহ আটক ১৩
নারায়ণগঞ্জে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনউদ্দিনসহ ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার হাজীগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে লেখা বই ও বেশ কিছু দলীয় প্রকাশনা।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাঈনউদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মানিক বেগ, জামাল উদ্দিন, শাহাবুদ্দিন, বশিরুল হক ভূঁইয়া, নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, কফিল উদ্দিন, মাওলানা মো. কাইয়ুম, শহিদ ও জাকির হোসেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করতে জেলা জামায়াতের আমির তাঁর নিজ বাড়িতে নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এরপর তল্লাশি শুরু করে। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতাদের নিয়ে লেখা বই এবং দলীয় বিভিন্ন প্রকাশনাসহ ১৩ জনকে ওই বৈঠকে পাওয়া যায়। এ সময় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।