না.গঞ্জে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জ নগরের ডন চেম্বার এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিআইএমটি) পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে বন্দর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ছাত্রদের সবাই শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
এই পাঁচ ছাত্র হলেন বিআইএমটির শিপ বিল্ডিং অ্যান্ড ফেব্রিকস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাছির উদ্দিন, একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র মামুনুর রশিদ, তৃতীয় বর্ষের ছাত্র শিবলী সাদিক, তৃতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও দ্বিতীয় বর্ষের ছাত্র ইমন হোসেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেলে আনন্দ পরিবহনের বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী এ সময় ঘটনাস্থল থেকে ইউসুফ হোসেন শোভন নামের সন্দেহভাজন শিবিরের এক কর্মীকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি নারায়ণগঞ্জ বন্দরের বিআইএমটির দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বিআইএমটিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুড়ে যাওয়া আনন্দ পরিবহনের বাসের চালক সনি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান।