না.গঞ্জে হিন্দু বিধবার জমি দখলের অভিযোগ
আদালতের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জ শহরের সনাতন পাল লেনে উপাসনা পাল (৬৫) নামের এক হিন্দু বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ জানুয়ারি ওই নারী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
উপাসনা পালের অভিযোগ, দখলদার ব্যক্তি প্রভাবশালী হওয়ায় জিডি করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জিডির ভাষ্য অনুযায়ী, উপাসনা পালের স্বামী রাধা গোবিন্দ পাল পৈতৃকসূত্রে ওই ৩ শতাংশ জমির মালিক ছিলেন। মৃত্যুর আগে তিনি জমিটি স্ত্রী উপাসনার নামে নিবন্ধন করে দেন। এরপর স্থানীয় ভূমি কার্যালয় থেকে তিনি জমিটি নিজ নামে নামজারি করেছেন, নিয়মিত ভূমিকরও দিচ্ছেন। কিন্তু সাহেদ আলী নামের স্থানীয় এক ব্যক্তি জমিটি দখলের চেষ্টা করেন। এ বিষয়ে গত বছরের শেষের দিকে আদালতে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ নভেম্বর আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বর্তমান অবস্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু আদালতের এ নির্দেশ অমান্য করে ১৫ জানুয়ারি সাহেদ আলী জমি দখলের প্রক্রিয়া শুরু করেন। রাতের অন্ধকারে তিনি লোকজন দিয়ে জমির চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। জমিতে তিনি ইট ও বালু রেখেছেন।
উপাসনা পাল বলেন, ওই জমিতে তাঁর স্বামী দুটি টিনশেডের ঘর তৈরি করেছিলেন। কিন্তু বসবাসের অনুপযোগী হওয়ায় তিনি বর্তমানে ছেলের সঙ্গে শহরের পাইকপাড়ায় ভাড়া থাকেন। এ সুযোগে জমি দখলে নিয়েছেন সাহেদ আলী। প্রভাবশালী হওয়ায় পুলিশও তাঁর কর্মকাণ্ড বন্ধ করতে পারছে না বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, বিষয়টি তিনি নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের জানিয়েছেন। তাঁরা সরেজমিন পরিদর্শন করে জমি দখল না করার জন্য সাহেদ আলীকে অনুরোধ করেছেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
যোগাযোগ করা হলে সাহেদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কারও জমি দখল করিনি। ১৯৯১ সাল থেকে জমিটি আমার দখলে আছে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, উপাসনা পাল একটি জিডি করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।