নাইক্ষ্যংছড়িতে মৎস্য কর্মকর্তাকে পেটালেন আ.লীগ নেতা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তাকে আওয়ামী লীগের কার্যালয়ে ডেকে এনে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই মৎস্য কর্মকর্তাকে মারধর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নাম না প্রকাশের শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা তিনটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিনকে আওয়ামী লীগের কার্যালয়ে ডেকে পাঠান তসলীম উদ্দিন। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলী হোসেনকে কেন মাছ চাষে বাঁধের প্রকল্প দেওয়া হয়নি তা জানতে চান। জবাবে জসীম জানান, ভবিষ্যতে প্রকল্প পাওয়া গেলে তাঁকে অবশ্যই দেওয়া হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে তসলীম তাঁকে মারতে থাকেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলীম উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন জামায়াত-শিবিরের লোক। তাঁর অভিযোগ, মৎস্য চাষের জন্য বাঁধ নির্মাণ প্রকল্পে কাজ দেওয়ার কথা বলে যুবলীগের নেতা আলী হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছেন মৎস্য কর্মকর্তা। এর পরও কেন তাঁকে কাজ দেওয়া হয়নি তা জানতে চান জসীম উদ্দিনের কাছে। তিনি অসৌজন্যমূলক আচরণ করায় তাঁকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁর গায়ে হাত তোলা হয়নি।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, জসীম উদ্দিন মানসিক বিপর্যস্ত। তিনি কারও সঙ্গে কথা বলতে চাচ্ছেন না।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম জানান, মৎস্য কর্মকর্ত জানিয়েছেন তসলীম উদ্দিন তাঁকে মারধর করেছেন। একজন সরকারি কর্মকর্তার গায়ে এভাবে হাত তোলা মোটেই উচিত নয়।
ইউএনও জানান, বিষয়টি নিয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলবেন।