নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান আবার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে ছাড়া পাওয়ার তিন সপ্তাহের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের (সাময়িক বরখাস্ত) চেয়ারম্যান তোফাইল আহমদকে আটক করা হয়েছে। গতকাল রোববার বান্দরবান শহরের মধ্যমপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তোফাইল আহমদ প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করে ডিবি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সঙ্গে দেখা করতে তিনি গতকাল সকালে শহরে আসেন। বাড়ি ফেরার পথে তাঁকে আটক করা হয়। গত ২৮ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি হিসেবে তোফাইল আহমদকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী বলেন, তোফাইল আহমদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে।