নাইক্ষ্যংছড়ির পাহাড়ি ছড়া থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আলিক্ষ্যং গ্রামের একটি পাহাড়ি ছড়া (খাল) থেকে গতকাল রোববার সকালে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে মা-মেয়েকে হত্যা করে খালের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
নিহতরা হলেন উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (২২) ও তাঁর ১৫ মাস বয়সী শিশুকন্যা নাজনিন আক্তার।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক ও ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ওই পাহাড়ি ছড়ায় মা-মেয়ের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন প্রথমে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রেহেনা বেগমের স্বামী নাছির উদ্দিন বলেন, দুই দিন আগে রেহেনার সঙ্গে দেবর মো. মহারাজের (১৭) ঝগড়া হয়। শনিবার সকালে তিনি পাহাড়ে উলু ফুল (এটি দিয়ে ঝাড়ু তৈরি করা যায়) সংগ্রহ করতে যান। গতকাল সকালে স্ত্রী ও মেয়ের লাশ পাওয়ার খবর শুনে তিনি বাড়ি ফিরে আসেন। তিনি বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো মহারাজের।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আনিসুর রহমান বলেন, নাছির উদ্দিনের বাড়িতে বিষের খালি বোতল পাওয়া গেছে। মা-মেয়ের নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে মহারাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।