বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে গত রোববার রাতে এক ব্যক্তিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁর ওয়ার্ডের মীরঝিরিপাড়ায় সাত-আটজন সন্ত্রাসী হানা দেয়। তারা প্রথমে একটি বাড়ির দরজা ভেঙে বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে ধরে ফেলে। এরপর তাঁকে নিয়ে তাঁর ছোট ভাই আবুল বশরের বাড়িতে যায়। সেখানে আবুল বশরের স্ত্রীর গয়না লুটপাট করে সন্ত্রাসীরা। এরপর সন্ত্রাসীরা বাবুল মিয়া ও আবুল বশরকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়।
আবুল বশরের বড় ভাই মোহাম্মদ বাদল বলেন, সন্ত্রাসীরা পরে বাবুল মিয়াকে মারধর করে ছেড়ে দেয়। সকালে আবুল বশরের মুক্তির জন্য মুঠোফোনে তাঁর কাছে ৩ লাখ টাকা দাবি করে। তিনি জানান, তাঁদের তিন ভাইয়ের ১০ একরের একটি রাবারবাগান আছে।
বাইশারী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, কক্সবাজারের রামু ও চকরিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার সীমানায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে গড়ে ওঠা একটি সন্ত্রাসী দল কয়েক বছর ধরে অপহরণ-বাণিজ্য চালিয়ে আসছে। ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনাইয়া ও আবদুল হাকিম এই সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এই দলটি গত বছর থেকে এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও লামা উপজেলার ফাসিয়াখালী থেকে ২০ জনের বেশি ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে।
বাইশারী পুলিশ ফাঁড়ির এসআই আবু মুসা বলেন, আবুল বশরকে উদ্ধারে বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গলবেষ্টিত পাহাড়ে তল্লাশি চালাচ্ছে।