নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা সীমান্তের ওপারে বিকেল সোয়া পাঁচটার দিকে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। ফেলে আসা ঘরবাড়ি দেখতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও বিজিবির তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার পর্যন্ত সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইনে ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।
চাকঢালা এলাকার আমতলিপাড়ার শামসুল হক বলেন, চাকঢালা সীমান্তের বড়শণখোলা অস্থায়ী আশ্রয়শিবিরের নূরে আলম (২৬) ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ফেলে আসা গ্রামে যাচ্ছিলেন। শূন্যরেখা পার হয়ে মিয়ানমারের ভূখণ্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে মাইন বিস্ফোরণ ঘটে। নিহত নূরে আলমের এক ছেলে, এক মেয়ে ও সন্তানসম্ভবা স্ত্রী রয়েছেন বড়শণখোলা অস্থায়ী আশ্রয়শিবিরে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাসলিম ইকবাল চৌধুরী বলেন, নিহত নূরে আলমের বাড়ি রাখাইনের মংডু টাউনশিপের বলীবাজার এলাকার পুরানমাইজ্যা পাড়ায়। প্রাণ রক্ষার জন্য পালিয়ে আসার সময় কিছু আনতে পারেননি। খোঁজখবর নিতে যাওয়ার সময় মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন।