নাইক্ষ্যংছড়িতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মংশৈলু মারমা (৫৬) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মংশৈলু মারমা বাইশারি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
পরিবারের সন্দেহ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ আর এলাকাবাসীর দাবি, উপর চাকপাড়ায় বৌদ্ধ ভিক্ষু উ গাইন্দ্যা ওরফে ধাম্মা ওয়াসারকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছিল। গত ১৩ মে রাতে বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসাকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, রাতে বাইশারি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মংশৈলু মারমাকে বাইশারি ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার ধাবনখালী রাস্তায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তেরা। তার বাড়ি ধাবনখালী মারমা পাড়া বাইশারি বাজারের কাছে। চাকপাড়ার বৌদ্ধ ভিক্ষু উ গাইন্দ্যা ওরফে ধাম্মা ওয়াসাকে যেভাবে খুন করা হয়েছে সেই একই কায়দায় ঘাড়ে ও গলায় কুপিয়ে হত্যা করা হয়েছে মংশৈলু মারমাকে। মৃত্যুর পরও মোবাইল তাঁর হাতের মুঠোয় ছিল। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।
বাইশারি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম প্রথম আলোকে জানান, মংশৈলু মারমাকে রাত সাড়ে ৯টার দিকেও বাইশারি বাজারে দেখা গিয়েছিল। তিনি বাইশারি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হলেও সকলের সঙ্গে মিশতেন এবং একজনের সঙ্গে কিছু ভূমি বিরোধ ছাড়া কারও সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না।
পুলিশের বাইশারি তদন্ত কেন্দ্রের প্রধান উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনা রাত ১০টা বা সোয়া ১০টার দিকে ঘটতে পারে। বৌদ্ধ ভিক্ষুর একই কায়দায় মংশৈলু মারমাকে কুপিয়ে হত্যা করা হলেও প্রাথমিকভাবে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মংশৈলুর বড় ভাই উথোয়াইহ্লা মারমার বরাত দিয়ে এসআই আনিসুর রহমান আরও বলেন, উথোয়াইহ্লারও সন্দেহ ভূমি বিরোধে তাঁর ছোট ভাইকে খুন করা হতে পারে। কয়েক দিন আগেও মংশৈলু মারমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।