নাইক্ষ্যংছড়িতে আরও ৬টি এসএমজি উদ্ধার, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু এলাকার জঙ্গল থেকে আজ বুধবার ভোররাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আরও ৬টি ভারী অস্ত্র এসএমজি উদ্ধার করেছে। উদ্ধার অস্ত্রগুলো টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ১১টি অস্ত্রের অংশবিশেষ বলে দাবি করেছে র‍্যাব। এর আগে গত ১০ জানুয়ারি একই এলাকা থেকে আনসারের লুট হওয়া পাঁচটি ভারী অস্ত্র উদ্ধার করেছিল র‍্যাব।

এদিকে উদ্ধার আগ্নেয়াস্ত্র দেখতে আজ দুপুরে ঢাকা থেকে ঘটনাস্থলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সঙ্গে থাকবেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ কক্সবাজার অঞ্চলের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার ছয়টি এসএমজি টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুণ্ঠিত অস্ত্র।

র‍্যাব সূত্র জানায়, গত বছরের ১৩ মে ভোররাতে টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের মুছনী আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তের গুলিতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। এ সময় আনসারের ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি লুট করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে সময় বেশ কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‍্যাব সদস্যরা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির এলাকা থেকে গ্রেপ্তার করেন হামলার অন্যতম হোতা রোহিঙ্গা নুরুল আলমকে। তাঁর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায়। জিজ্ঞাসাবাদে নুরুল আলমের দেওয়া তথ্য অনুসারে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযানে নামে র‍্যাব। অভিযান চালিয়ে আজ ভোররাতে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার পাহাড়ের (মিয়ানমার সীমান্তের কাছে) জঙ্গল থেকে ছয়টি এসএমজি উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জানুয়ারি একই এলাকা থেকে আনসারের লুণ্ঠিত পাঁচটি ভারী অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করে র‍্যাব। এর মধ্যে দুজন রোহিঙ্গা।

এদিকে উদ্ধার হওয়া অস্ত্র দেখতে আজ বেলা দেড়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজার আসছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, বেলা দেড়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার পৌঁছাবেন। সেখান থেকে র‍্যাবের হেলিকপ্টারে করে তিনি উখিয়ার টেলিভিশন টাওয়ারের কাছের একটি হেলিপ্যাডে নামবেন। ওই স্থান থেকে ১৫ মিনিটের হাঁটা পথে জঙ্গলের ভেতরে ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি।