নাইক্ষ্যংছড়িতে চার কৃষককে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি খামারবাড়ি থেকে চার কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে উপজেলার দোছড়ি ইউনিয়নের লদুরমুখ এলাকা থেকে তাঁরা অপহৃত হন। সন্ধ্যা পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহরণের শিকার ওই চারজন হলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল গ্রামের আবু সৈয়দ (৩৫), একই ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের আবদুল আজিজ (১৮), আবদুর রহিম (২৫) ও শাহ মোহাম্মদ পাড়ার শাহ আলম (২৮)।

দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, অপহরণের শিকার ওই চারজন দীর্ঘদিন থেকে লদুরমুখ এলাকায় জমি বর্গা নিয়ে খামারবাড়ি তৈরি করেন। সেখানে তাঁরা তামাক চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তাঁদের অপহরণ করা হয়েছে।

অপহরণের শিকার আবদুল আজিজের বাবা নুরুল আলম বলেন, এক মাস আগে সন্ত্রাসীরা মোবাইলে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ছেলেকে অপহরণের হুমকিও দিয়েছিল তারা। এখন সাত লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। তা না হলে তাঁদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর বলেন, অপহরণের শিকার চার কৃষককে উদ্ধারের চেষ্টা চলছে।