নাইক্ষ্যংছড়িতে দুই রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত শুক্রবার অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে সদর ইউনিয়নের আশারতলী চেরারমাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শামসুল আলম (৩৫) ও মোহাম্মদ হোসেন (২৬)। দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের পালঙ্গ্যাঝিরি এলাকায়। এ ছাড়া একই দিন জারুলিয়াছড়ি এলাকা থেকে আটটি গরু আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি আটকের পর দুই রোহিঙ্গাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করলে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর। তাঁদের দুইজনের কাছ থেকে ২৮৮ বোতল বাংলাদেশি কীটনাশক জব্দ করা হয়।

বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে সীমান্তের ওপার থেকে চোরাকারবারিরা গরু নিয়ে আসার খবর পেয়ে জারুলিয়াছড়ি এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গা ঢাকা দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের ফেলে যাওয়া আটটি গরু সেখান থেকে আটক করা হয়। গরুগুলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে।