নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধবিহারে হামলার অভিযোগ
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ধাবনখালি মারমাপাড়া বৌদ্ধবিহারে হামলার অভিযোগ উঠেছে। বিহারের দরজার কবজা ও হুক ভেঙে গেলেও দুর্বৃত্তরা ভেতরে ঢুকতে পারেনি। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এর আগে গত ৩০ জুন ধাবনখালিপাড়ার বাইশারি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মংশৈলু মারমাকে কুপিয়ে হত্যা করা হয়। একইভাবে গত ১৩ মে ওই পাড়ার চার কিলোমিটার দূরে বাইশারি উপর চাকপাড়ার নতুন ভাবনা বিহারের ভিক্ষু উ গাইন্দ্যা খুন হয়েছেন।
ধাবনখালিপাড়ার মংহ্লাওয়াই মারমা, মংহ্লায়েই মারমা ও নিহত মংশৈলুংয়ের বড় ভাই উচহ্লা মারমা জানান, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে দুর্বৃত্তরা বিহারের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। বিহারাধ্যক্ষ চাঁদিমে ভিক্ষু হামলাচেষ্টার ৩০ মিনিট আগে বাইরে থেকে বিহারে এসেছিলেন। প্রচণ্ড ধাক্কায় বিহারের দরজার কবজা ও হুক ভেঙে গেলেও ভেতর থেকে শক্তভাবে কাঠ দিয়ে আটকানো থাকায় দুর্বৃত্তরা ভেতরে ঢুকতে পারেনি। তাঁদের ধারণা, সন্ত্রাসীরা বিহারের আশপাশে ওত পেতে ছিল। চাঁদিমে ভিক্ষু বিহারে ঢোকার পর নিশ্চিত হয়ে তাঁকে হত্যার জন্য হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি জানাতে গতকাল শুক্রবার তাঁরা জেলা শহরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সঙ্গে দেখা করেন।
নিহত মংশৈলুং মারমার ছেলে উসাথোয়াই মারমা বলেন, ‘বাবা খুন হওয়ার পর থেকে পাড়ার সবাই আতঙ্কে আছেন। বৌদ্ধবিহারে হামলার চেষ্টার ঘটনায় শুধু তাঁদের ধাবনখালিপাড়া নয়, উপর চাকপাড়াসহ আশপাশের পাড়াগুলোতেও আতঙ্ক দেখা দিয়েছে।’
বাইশারি ইউপি সদস্য ও উপর চাকপাড়ার বাসিন্দা থোয়াই সাহ্লা চাক বলেন, এমনিতে বৌদ্ধভিক্ষু উ গাইন্দ্যা খুনের পর আতঙ্ক কাটেনি, ধাবনখালি বিহারে হামলার সংবাদ পেয়ে উপর চাকপাড়াসহ পাশাপাশি তিনটি চাকপাড়াবাসীর (মধ্য চাকপাড়া, চাক হেডম্যানপাড়া) মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের বলেন, ‘কে বা কারা বৌদ্ধবিহারে হামলার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধাবনখালিপাড়ায় কিছুটা আতঙ্ক রয়েছে। পাড়ায় সার্বক্ষণিক পুলিশ রাখা হয়েছে।’