নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধবিহারে হামলার চেষ্টা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধাবনখালী মারমাপাড়া বৌদ্ধবিহারে গতকাল বৃহস্পতিবার রাতে হামলার চেষ্টা হয়েছে। ভিক্ষুকে লক্ষ্য করে ওই হামলার চেষ্টা হয়েছে বলে বিহারের অন্যদের ধারণা।
গত ৩০ জুন রাতে ধাবনখালী পাড়ায় আওয়ামী লীগের বাইশারি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মংশৈলুং মারমাকে সন্ত্রাসীরা কুপিয়ে খুন করে। বিহারে হামলা-চেষ্টার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
ধাবনখালী পাড়ার শিক্ষক মংহ্লায়ে মারমা মুঠোফোনে জানান, রাত আটটার দিকে দুর্বৃত্তরা বিহারের দরজা ভাঙার চেষ্টা করে। বিহারের ভান্তে (ভিক্ষু) বিকেল থেকে বাইরে ছিলেন। তিনি বিহারে ঢোকার পরেই হামলার চেষ্টা হয়। দুর্বৃত্তরা আগে থেকেই ওত পেতে ছিল বলে বিহারবাসীদের ধারণা।
এলাকাবাসীর ভাষ্য, ধাবনখালী পাড়ার পশ্চিম দিকে দুর্বৃত্তদের পায়ের ছাপ দেখা গেছে। সম্ভবত তারা সেদিক দিয়ে পালিয়েছে।
নিহত মংশৈলুং মারমার ছেলে উসাথোয়াই মারমার ভাষ্য, বাবার হত্যাকাণ্ডের পর থেকে এলাকাবাসী আতঙ্কে আছে। গতকাল বিহারে হামলার চেষ্টার ঘটনায় আরও বেশি আতঙ্ক দেখা দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের ভাষ্য, কে বা কারা বিহারে হামলার চেষ্টা করেছে তা তদন্ত করা হচ্ছে। ধাবনখালী মারমা পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।