নাইক্ষ্যংছড়ির দুর্গম বিহারে ভিক্ষুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপর চাকপাড়া গ্রামের এই বিহারেই খুন হন ভিক্ষু ধাম্মা ওয়াসা। গতকাল সকাল থেকে সেখানে ভিড় জমান ভক্ত ও গ্রামবাসী l প্রথম আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপর চাকপাড়া গ্রামের এই বিহারেই খুন হন ভিক্ষু ধাম্মা ওয়াসা। গতকাল সকাল থেকে সেখানে ভিড় জমান ভক্ত ও গ্রামবাসী l প্রথম আলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামের একটি বৌদ্ধবিহারে তাঁর লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত ভিক্ষুর নাম ধাম্মা ওয়াসা। দুই বছর আগে ভিক্ষু হওয়ার আগে তাঁর নাম ছিল মং শৈ উ চাক (৭০)। গত শুক্রবার রাত ১০টার পর এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এর কারণ হিসেবে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টির পর হত্যাকারীরা সেখানে যায়। ভেজা মাটিতে দু-তিনজনের পায়ের ছাপ দেখা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তিনি বলেন, হত্যাকারীরা বিহার থেকে কোনো কিছু লুট করেনি। পূজার্থীদের দানের হাজার খানেক টাকাও বিহারে ছিল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একটি মহল পাহাড়ের পরিস্থিতি অশান্ত করতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে। ভিক্ষুর সঙ্গে কারও শত্রুতা ছিল না।
ধাম্মা ওয়াসা উপর চাকপাড়া গ্রামের নতুন বিহারের ভিক্ষু হিসেবে পরিচিত। গ্রাম থেকে ৩০০ গজ দূরে এই বিহার গড়ে তোলেন তিনি। কাঠের তৈরি দ্বিতল বিহার ভবনের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি। গতকাল ভোরে পুত্রবধূ মানু চিং চাক বিহারে খাবার নিয়ে গেলে শ্বশুরের লাশ পড়ে থাকতে দেখেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোরে আমি ছোয়াইন (খাবার) দিতে গিয়ে শ্বশুরের রক্তাক্ত মরদেহ দেখি। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীদের খবর দিয়ে ডেকে আনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত হন।’
মং শৈ উ চাকের ছেলে অং চা থোয়াই চাক প্রথম আলোকে বলেন, বিহারের জানালা দিয়ে ঢুকে তাঁর বাবাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এরপর দরজা খোলা রেখে তারা পালিয়ে যায়। তিনি বলেন, কেউ পরিকল্পিতভাবে তাঁর বাবাকে হত্যা করেছে।

ভিক্ষু হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রামে ‘আদিবাসী কর্মজীবী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি চেরাগী পাহাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
ভিক্ষু হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রামে ‘আদিবাসী কর্মজীবী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি চেরাগী পাহাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

গতকাল বিকেলে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম, বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহেদুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যউ চিং চাক, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর সেখানে উপস্থিত লোকজনকে বলেন, একটি মহল এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার করা হবে। স্থানীয় মানুষকে ভয় না পেয়ে ঐক্যবদ্ধ থাকতে বলেন তিনি।
দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, ভিক্ষুর নিথর দেহ বিহারের দোতলার নিজ কক্ষে পড়ে রয়েছে। তাঁর মরদেহের পাশে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন প্রার্থনা করছেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উপর চাকপাড়ার বাসিন্দা অং ক্য, মং চ, অং ছা জাই বলেন, বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে এলাকার সবার সম্পর্ক মধুর ছিল। এখানকার কেউ তাঁকে মারতে পারে না।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দুর্গম এলাকায় কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তা এখনই বলা সম্ভব নয়।