ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া (ভিজিএফ) চাল বিক্রি করার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের সচিবকে গতকাল রোববার আটক করা হয়েছে। ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া ৩০ টন চাল থেকে ৩ টন চাল তিনি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা পরিষদ সূত্র জানায়, ঈদের আগে দোছড়ি ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ৫১৮টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ৩০ টন ৩৬০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল।
দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ইউপির সচিব জয়নাল আবেদিন তিন টন চাল আত্মসাৎ করার জন্য বিক্রি করেননি। দুর্গম দোছড়ি ইউনিয়নে এক টন চাল পরিবহন করতে প্রায় এক হাজার টাকা খরচ হয়। কিন্তু সরকারিভাবে পরিবহন ব্যয় প্রতি টনে মাত্র ২২৮ টাকা করে দেওয়া হয়। পরিবহন ব্যয় মেটাতে টনপ্রতি ১৪ হাজার টাকা করে চাল বিক্রি করা হয়েছে। কিন্তু এটি নিয়মবহির্ভূত না হওয়ায় তিনি বিপদে পড়েছেন। এসব চাল তিনি ফেরত দেবেন বলেও তাঁকে জানিয়েছেন।
এ বিষয়ে ইউপির সচিব জয়নাল আবেদিন মুঠোফোনে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তিন টন চাল এখনো গুদাম থেকে তোলা হয়নি।
জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়েত মুহাম্মদ শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপির সচিব জয়নাল আবেদিন তিন টন চাল নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করেছেন। এ জন্য তাঁকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।