নাইক্ষ্যংছড়ির রাবারবাগানের তিন প্রহরী 'মুক্তিপণ দিয়ে' ছাড়া পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে অপহৃত রাবারবাগানের তিন প্রহরীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁরা নিজ নিজ বাড়ি পৌঁছেছেন। তাঁদের পরিবারের দাবি, তিন লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর অপহরণকারীরা তাঁদের ছেড়ে দেয়।
গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম বেতডুরি এলাকার একটি রাবারবাগান থেকে তিন প্রহরীকে অপহরণ করে গহিন জঙ্গলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে।
মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর বাইশারী গ্রামের আজিজুল হক ও আবদুল শুক্কুর এবং হলুদ্যাশিয়া গ্রামের নুরুল আলম।
আজিজুল হকের বড় ভাই আবদুল হামিদ বলেন, আজিজুল হক ও আবদুল শুক্কুরের জন্য দুই লাখ টাকা মঙ্গলবার রাতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু নুরুল আলমের টাকা না পাওয়ায় তিনজনকেই আটকে রাখে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে নুরুল আলমের পরিবার এক লাখ টাকা মুক্তিপণ দিলে তিনজনকে উপজেলার বাইশারী ও ঈদগড় সীমান্তবর্তী জঙ্গলঘেরা চাইল্যাতলিতে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। সেখান থেকে হেঁটে তাঁরা গতকাল ভোরে বাড়ি পৌঁছান।
আজিজুল হক ও আবদুল শুক্কুর বলেন, মুক্তিপণের জন্য সন্ত্রাসীরা তাঁদের একটি আস্তানায় বেঁধে রাখে ও বেদম মারধর করে।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু মুছা বলেন, ওই তিনজনকে তদন্তকেন্দ্রে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুক্তিপণ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর বলেন, ওই তিন প্রহরী আদৌ অপহৃত হয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাঁরা মুক্তি পেয়েছেন বলে দাবি করা হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত সেপ্টেম্বরেও এ ইউনিয়ন থেকে তিন কৃষককে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। এর মধ্যে একজন আস্তানা থেকে পালিয়ে আসেন। অপর দুজন ‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পান।