নাঈম হত্যা মামলার দ্রুত বিচার দাবি পরিবারের
রাজধানীর পল্লবীতে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন নাঈম (১৭) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পুলিশের বিরুদ্ধে হত্যার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ করেছেন তার বাবা আবদুল লতিফ মণ্ডল।
গতকাল মঙ্গলবার নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল লতিফ মণ্ডল দাবি করেন, নাঈমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত মামলাটির প্রতিবেদন দাখিলের আবেদন জানান। তাঁর অভিযোগ, পুলিশ বিষয়টিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। তিনি তাঁর ছেলের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করাসহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৩০ জুলাই পল্লবীর একটি বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পল্লবী থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়। গত ১ সেপ্টেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। গত ৮ অক্টোবর নাঈমের বাবা ওই প্রতিবেদনের বিষয়ে আদালতে নারাজি আবেদন করেন।