নাঈমকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম আশরাফ
নাঈম আশরাফ

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। আরও তথ্যের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।
আজ বৃহস্পতিবার নাঈম আশরাফকে আদালতে পাঠানো হবে। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে। এ নিয়ে বনানী থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির সবাই গ্রেপ্তার হলেন। পুলিশের আরেকটি সূত্র বলেছে, ছাত্রী ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত শাফাত আহমেদ জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
এই মামলার প্রধান আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গত সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার হন মামলার চার ও পাঁচ নম্বর আসামি শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী।
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। তবে গ্রেপ্তার আসামিদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ এর আগে জানায়, শাফাত ও সাদমান জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, পলাতক আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফ পুরো বিষয়টি ব্যবস্থা করেছেন। ছাত্রীদের হোটেলে আনানো, হোটেল ভাড়া করা, পরিকল্পনা—সবকিছুতেই হালিম ওরফে নাঈম মুখ্য ভূমিকা পালন করেছেন।
গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাঁদের নেওয়া হয়। সেখানে ধর্ষণের শিকার হন তাঁরা।