নাগেশ্বরী ও পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভগিরভিটা গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারে হামলার অভিযোগ পাওয়া গেছে। একই দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ১৪ নম্বর লতামারী ছিটমহলে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে।
ভগিরভিটা গ্রামবাসী জানান, একই গ্রামের সুনীলের সঙ্গে ইব্রাহীম আলীর জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে ওই জমিতে ইব্রাহীম আলী, আবদুল মালেক, আবদুল করিম ও মাইদুল ইসলামসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রসহ হালচাষে নামে। সুনীল বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় এবং তাঁর মায়ের শ্রাদ্ধমণ্ডপ তছনছ করা হয়। এ সময় এলাকাবাসী প্রতিরোধ করলে ইব্রাহীমের লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সুনীলের ভাই দিলীপ বাদী হয়ে ইব্রাহীমসহ আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
ইব্রাহীম আলী বলেন, ‘আমার জমিতে হাল দিতে গিয়েছি। তাঁরা এতে বাধা দেয়।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মেদ বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হয়েছে। তদন্ত চলছে।
পাটগ্রামে আহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দীর্ঘদিন থেকে বিলুপ্ত লতামারী ছিটমহলের ফজলার রহমান ও আবদুল মান্নানের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ফজলার রহমানের পরিবারের লোকজন আবদুল মান্নানের পরিবারের ভুট্টাখেত ভাঙতে যায়। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে আজিমুদ্দিন (৫৫), হাসিকুল ইসলাম (৩২), হাফিজার রহমান (৪৫) আবু হোসেন (৩৮), আবু দাউদ (৩২) ও আবু দরদাকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লুৎফর রহমান (৪৫) নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আবদুল মান্নানের পক্ষের আবু হোসেন বলেন, তিন-চারবার ওই জমি নিয়ে সালিস হওয়ার পর তাঁরা জমি ছেড়ে দেন। আমরা ভুট্টা লাগাই। তাঁরা আবারও জমি দখলে এলে মারামারি হয়।
ফজলার রহমানের পক্ষের বুলু মিয়া বলেন, ৪২ বছর ধরে জমি আমাদের দখলে। মাঠ জরিপের সময় প্রতিপক্ষ জোর করে দখল করে ভুট্টা লাগায়। ওই ভুট্টাখেত নিয়ে মারামারি হয়।
পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় আবদুল মান্নানসহ চিকিৎসাধীন সাত ব্যক্তিকে আটক করা হয়েছে। উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।