নাগেশ্বরীতে মাছ চাষের অর্থ আত্মসাতের অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাঁচায় মাছ চাষের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুড়িয়ারহাট তেলিয়ানীর পাড় মৎস্যজীবী সমিতির সভাপতি ও সহসভাপতির মধ্যে গত বুধবার হাতাহাতির ঘটনা ঘটেছে।
নাগেশ্বরী মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ইন্টিগ্রেটেড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্টের (আইএপিপি) আওতায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমার নদে খাঁচায় তেলাপিয়া মাছ চাষে ওই মৎস্যজীবী সমিতিকে ঋণ (খাঁচা তৈরি বাবদ ৩ লাখ ৭৫ হাজার, ঘর তৈরিতে ২০ হাজার ও নৌকা তৈরিতে ২০ হাজার টাকা) দেওয়া হয়। মাছের পোনা ও খাবার উপজেলা মৎস্য কার্যালয় দিয়ে থাকে।
ওই মৎস্যজীবী সমিতির সদস্য সিরাজুল ইসলাম, হযরত আলী, মজিবর রহমান, মফিজুল ইসলাম, নবাব আলীসহ আরও কয়েকজন সদস্য বলেন, প্রকল্প পাওয়ার পর সমিতির সভাপতি ও বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদ আলী উপজেলা মৎস্য কার্যালয়ের সঙ্গে যোগসাজশ করে বরাদ্দের বেশির ভাগ টাকা আত্মসাৎ করেন। এর জের ধরে বুধবার বিকেলে মৎস্য সমিতির সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সঙ্গে আবেদ আলীর কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় অন্য সদস্যরা এসে তাঁদের থামান।
এ বিষয়ে আবেদ বলেন, ‘তাঁরা না জেনেই এসব কথা বলছেন। সমিতির মৎস্য বিভাগের সমন্বয়ে প্রকল্পের বরাদ্দ অর্থ কাজে লাগানোর কথা। কিন্তু একটি নৌকা তৈরি ও সংগঠনের ঘর উঠানো বাবদ মৎস্য সমিতি পেয়েছে মাত্র ১৩ হাজার টাকা। দুধকুমার নদে ২০টি ড্রাম, পাইপ ও নেট দিয়ে একটি খাঁচা তৈরি করে দিয়েছে মৎস্য অফিস। তা হলে টাকা আত্মসাৎ হলো কীভাবে?’
মজিবর বলেন, ‘আবেদ সব টাকা আত্মসাৎ করায় এই অসন্তোষের সৃষ্টি হয়েছে।’
এ প্রসঙ্গে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, ওই খাঁচা তৈরিতে তাঁর লেগেছে দুই লাখ টাকা। পরপর দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কারে ব্যয় হয়েছে দেড় লাখ টাকা। তবে খাঁচা তৈরিতে কীভাবে দুই লাখ খরচ হয়েছে ও বন্যা-পরবর্তী প্রজেক্ট চালু করলেও কীভাবে তা ক্ষতিগ্রস্ত হলো—এমন প্রশ্ন করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।