নাঙ্গলকোটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মহিন উদ্দিন মজুমদারকে (২৮) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন উপজেলার গান্ধাচী গ্রামের আবদুর রশিদ মজুমদারের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার বাঙ্গড্ডা গ্রামের খোরশেদ আলম।
পুলিশ ও মহিন উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, মহিন উদ্দিন গত মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে বাঙ্গড্ডা বাজারের বাদশা মিয়া অটো রাইস মিলের সামনে বসে গল্প করছিলেন। ওই সময় বাঙ্গড্ডা গ্রামের খোরশেদ আলম ও জামাল উদ্দিন নিশাতের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মহিন উদ্দিনের বাবা আবদুর রশিদ মজুমদার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন।
আবদুর রশিদ মজুমদার বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও বিরোধ নেই। তবুও তার ওপর হামলা করা হয়।’
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বলেন, মহিনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খোরশেদকে গ্রেপ্তার করেছে।