নাঙ্গলকোটে ব্র্যাক কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ব্র্যাক কর্মকর্তা সাজেদা খাতুনকে (৩৬) শ্বাসরোধে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার পৌরসভার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাজেদার বড় মেয়ে তাঁর বাবাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
সাজেদার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্র্যাক চাঁদপুর অঞ্চলের নাঙ্গলকোট শাখার পুষ্টি প্রকল্প কর্মকর্তা সাজেদা কয়েক মাস আগে হরিপুর এলাকার আহসান হাবিবের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। ওই বাসায় তিনি স্বামী মো. শাহজাহান ও দুই মেয়েকে নিয়ে থাকতেন। শাহজাহান নাঙ্গলকোট এলাকায় বিভিন্ন বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। তাঁদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার হরিণধরা গ্রামে। কয়েক মাস ধরে শাহজাহান তাঁর স্ত্রীর সঙ্গে ব্র্যাকের কোনো কর্মকর্তার অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয় ব্র্যাক কার্যালয়ে এ নিয়ে কয়েকবার সালিস বৈঠকও হয়। গত বুধবার বিকেলেও এ নিয়ে আবার তাঁদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে সাজেদা থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করতে রওনা হন। পরে শাহজাহান তাঁকে ফিরিয়ে আনেন। ওই দিন রাত ১২টার দিকে শাহজাহান ও সাজেদার মধ্যে এ নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন শাহজাহান। এরপর তিনি ঘরের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাজেদার বড় মেয়ে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাইফুন নাহার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শাহজাহানকে একমাত্র আসামি করা হয়েছে।
সাইফুন নাহার বলেন, ‘আমার বাবা মাকে শ্বাসরোধে হত্যা করেছেন। আমি ঘাতক বাবার ফাঁসি চাই।’
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, খবর পেয়ে সাজেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে সাইফুন
নাহার একটি হত্যা মামলা দায়ের করেছে।