নাঙ্গলকোটে সওজের ৩০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কোদালিয়া থেকে বাতুপাড়া পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩০০ মেহগনি ও শিশুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার সকাল থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এসব গাছ কাটা হয়।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তাঁদের অনুসারীদের দিয়ে ওই গাছ কেটেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের দুজন কর্মকর্তা বলেন, গত নভেম্বর মাসে কুমিল্লার লাকসাম থেকে নাঙ্গলকোট হয়ে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়কের বর্ধিত অংশের উন্নয়নকাজ শুরু হয়। এই অজুহাতে গত শনিবার থেকে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কয়েকজন নেতা ও তাঁদের অনুসারীরা সড়কের দুই পাশের গাছ কাটা শুরু করেন। ২৪ ঘণ্টায় তাঁরা প্রায় ২০ লাখ টাকার মেহগনি ও শিশুগাছ কেটে নেন।
খবর পেয়ে নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ পুলিশ নিয়ে নাঙ্গলকোট পৌর এলাকার কোদালিয়া ও বাতুপাড়া এলাকায় যান। এরপর তিনি কিছু গাছ উদ্ধার করে বন বিভাগের তত্ত্বাবধানে নিয়ে আসেন।
অভিযোগ প্রসঙ্গে নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক বলেন, ‘আমি বা আমার অনুসারীরা কেউ গাছ কাটার সঙ্গে জড়িত নই।’
উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক হাজারী বলেন, ‘আমার নির্দেশে কেউ গাছ কাটেনি। উল্টো আমি গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
সওজ লাকসামের সেকশন অফিসার (এসও) মোসলেম উদ্দিন বলেন, গাছগুলো সওজের। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু গাছ আমরা থানায় নিয়ে আসি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কিছু গাছ প্রশাসনের উদ্যোগে উপজেলায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।