নাঙ্গলকোটে কৃষককে 'অ্যাসিড' নিক্ষেপ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক কৃষককে গত রোববার রাতে ‘অ্যাসিড’ ছুড়েছে দুষ্কৃতকারীরা। এ সময় তারা ওই কৃষকের গোয়ালঘরে আগুনও লাগিয়ে দেয়।
দৌলখাড় ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম আবদুল বারেক (৫৫)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল বারেক একজন অবস্থাসম্পন্ন কৃষক। রোববার রাত আনুমানিক দুইটার দিকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত আবদুল বারেকের গোয়ালঘরে আগুন দেয়। বারেক ঘর থেকে বিষয়টি টের পান। তিনি আগুন আগুন বলে চিত্কার করে ঘর থেকে বের হন। তখনই দুর্বৃত্তরা তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারে। এতে তাঁর মাথা ও বুক ঝলসে যায়। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে গোয়ালঘরের আগুন নেভান। ততক্ষণে ছয়টি গরু আগুনে দগ্ধ হয়। অন্যদিকে আবদুল বারেককে দ্রুত উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। খবর পেয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় বারেকের মেয়ে শারমিন আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। শারমিন বলেন, ‘বাবার উন্নতি হয়তো কারও পছন্দ হয়নি। তাই এ ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।’ ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সাইদুল আরীফ বলেন, পূর্বশত্রুতা অথবা প্রতিহিংসার জের ধরে ওই কৃষককে অ্যাসিড নিক্ষেপ করা হতে পারে।