নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা পূর্বপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী আরবের রহমানের বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে আট ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা ঘরের মালামাল তছনছ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক দুইটায় উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা পূর্বপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী আরবের রহমানের বাড়িতে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে সব কক্ষের দরজার ছিটকিনি ভেঙে ফেলে। এ সময় ডাকাত দল এক কক্ষে ঢুকে আরবের রহমানের ছেলে ইয়াছিন শাওনের হাত-পা বেঁধে রামদা ও পিস্তল ঠেকিয়ে তাঁকে জিম্মি করে ফেলে। পরবর্তী সময়ে ডাকাত দল ঘরের অন্য তিনটি কক্ষে ঢুকে মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে আট ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট এবং ইলেকট্রনিকসের মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে ইয়াছিন শাওন বলেন, ‘ডাকাত দল আমাদের জিম্মি করে সব কিছু নিয়ে যায়। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় অভিযোগ করা হয়েছে। নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।