কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে আবদুর রহমান (৩০) নামের এক সেনাসদস্যের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোত্রশাল গ্রাম থেকে গতকাল শনিবার সকাল সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আবদুর রহমানকে হত্যার পর রাতে কোনো এক চলন্ত ট্রেন থেকে তাঁর লাশ ফেলে দেওয়া হয়।
নিহত আবদুর রহমানের ভাই ও দুই সাবেক সহকর্মীকে উদ্ধৃত করে লাকসাম রেলওয়ে থানার পুলিশ বলেছে, আবদুর রহমান বগুড়া সেনানিবাসের ওয়ান সিগন্যাল ব্যাটালিয়নের সদস্য। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমান তাঁর বাবা।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া বলেন, নাঙ্গলকোট স্টেশনের কাছেই গোত্রশালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে গতকাল সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় মৃত যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করলে আবদুর রহিম নামের এক ব্যক্তি ফোন ধরে আবদুর রহমানকে তাঁর ভাই উল্লেখ করে পরিচয় নিশ্চিত করেন।
আবদুর রহিম বলেছেন, আবদুর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিতে বগুড়া সেনানিবাস থেকে তিন দিনের ছুটিতে চট্টগ্রামের পটিয়ায় গিয়েছিলেন। কর্মস্থলে ফেরার পথে তিনি নিহত হন।
ওসি স্বপন কান্তি বড়ুয়া বলেন, পূর্বপরিচিত কুমিল্লা সেনানিবাসে কর্মরত দুই সেনাসদস্য বিল্লাল হোসেন ও কামরুল হাসানও থানায় এসে লাশ শনাক্ত করেন।
লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
লাশের সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, আবদুর রহমানের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। বাঁ হাতের কনুইয়ের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ডান হাতের মধ্যমা কাটা ছিল।