নাচোলে প্রথম আলোর সাংবাদিকসহ চারজনকে পিটিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন এবং আরও এক সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা তাঁদের ওপর এ হামলা চালায়।
আহত অন্যরা হলেন দৈনিক খোলা কাগজ-এর জেলা প্রতিনিধি আবদুর রব, প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান ও আদিবাসী নেতা বঙ্গপাল সরদার। আনোয়ার হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদরের নামোশঙ্করবাটি সরদারপাড়ার প্রভাবশালী ব্যবসায়ী তরিকুল ইসলাম প্রায় দুই বছর আগে মানিকাড়া গ্রামের একটি পুকুর কেনেন। পুকুরটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এ অবস্থায় তিনি খনন করে এমনভাবে মাটি ফেলেছেন যাতে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর গতকাল বেলা ১১টার দিকে সাংবাদিক আনোয়ার হোসেন ও আবদুর রব অন্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা জলাবদ্ধতার ছবি তোলেন। স্থানীয় লোকজনের দুর্ভোগের কথা শোনেন। এরপর তাঁরা সেখান থেকে ফিরে আসার সময় তরিকুল ইসলামের সহযোগী ইকবাল, কিবরিয়া, আব্দুল খালেক ওরফে হাবু, রাব্বানি এবং তরিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচয় দেওয়া বকুল ও সানাউল সাংবাদিকদের ওপর হামলা চালান।
আহত ব্যক্তিরা জানান, বকুল ও সানাউল প্রথমে সাংবাদিকদের ওপর চড়াও হন। কিল-ঘুষি, লাথি ও ইট দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তাঁরা আবদুর রবকে রাস্তার পাশে একটি ডোবার পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁরা সাংবাদিকদের দুটি ক্যামেরা ও দুটি মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। খবর পেয়ে মানিকাড়ার পাশের টংপাড়া গ্রামের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। টংপাড়া গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আহমেদ শাহরিয়ার হাসান জানান, সাংবাদিক আনোয়ার হোসেনের নাকে, মুখে, কপালে, মাথায় ও পিঠে জখম হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি শঙ্কামুক্ত।
তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাচোলের পুকুরটি তিনি ইজারা দিয়েছেন। সেখানে তাঁর নিজের কোনো লোক নেই। কাজেই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁর লোক নয়।