নাচোল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে পাওয়া ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত নয় এমনকি কার্যক্রমও নেই, এমন প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়েছে।
নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের একক সিদ্ধান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব অর্থ বরাদ্দ করেছেন। তালিকা তৈরির সময় ভাইস চেয়ারম্যানদের কোনো মতামত নেওয়া হয়নি।
মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম বলেন, তাঁর দেওয়া তালিকার মাত্র ১০ জনকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তালিকা তৈরির সময় তাঁর কোনো মতামত নেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার সরেজমিনে অনিয়মের কিছু প্রমাণ পাওয়া গেছে। কলিহার বুড়া কালীমন্দিরের নামে বরাদ্দ হয়েছে এক লাখ টাকা। মন্দির বলতে একটি পাকুড় গাছতলা। গোল করে এর গোড়া ইট-সিমেন্ট দিয়ে বাঁধানো। পাশেই রাধা-গোবিন্দ মন্দির। এ মন্দিরে লক্ষ্মী ও সরস্বতী পূজা হয়। গ্রামের লোকজন জানান, বুড়া কালীমন্দিরের কোনো ঘর নেই। গত মে মাসের ঝড়ে রাধা-গোবিন্দ মন্দিরের সামান্য ক্ষতি হয়। গ্রামের লোকজনের সহায়তায় সেটি মেরামত করা হয়।
মন্দিরের সভাপতি সুধেন চন্দ্র বর্মণ বলেন, কালীমন্দিরের নামে কোনো ঘর না থাকলেও জমিটি কালী মন্দিরের নামে। রাধা-গোবিন্দ মন্দির এ জমিতেই অবস্থিত। বরাদ্দের টাকায় কালীমন্দিরের ঘর করা হবে।
এলাইপুর বাজারপাড়া ক্লাব সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৮ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা যায়, ক্লাবটি বন্ধ রয়েছে কয়েক বছর ধরে। এখন কোনো কার্যক্রম নেই বলে নিশ্চিত করেছেন ক্লাবটির একসময়ের প্রচার সম্পাদক জিয়াউর রহমান।
সোনাইচন্ডি সাধারণ পাঠাগারের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ টাকা। সরকারি খাস জমির ওপর নিচতলায় আওয়ামী লীগের কার্যালয় আর ওপরতলায় সোনাইচণ্ডি সাধারণ পাঠাগার। স্থানীয় লোকজন জানান, ওপরতলায় পাঠাগার থাকলেও কার্যক্রম নেই। একজন শিক্ষক সেখানে প্রাইভেট পড়ান। নিচতলার আওয়ামী লীগের কার্যালয়ে বিকেলবেলায় প্রায়ই বসেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের।
চন্দনা গ্রামের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ টাকা। নাচোল-রহনপুর সড়কের পাশে টিনের বেড়া ও চালের ছোট একটি ঘরই চন্দনা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো নমুনা নেই। তবে পাঠাগারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোহেল দাবি করেন, ঝড়ে এ পাঠাগারের অনেক ক্ষতি হয়েছে। অনেক টাকা খরচ করে ঘরটি মেরামত করা হয়েছে। বরাদ্দের বাকি টাকায় পাঠাগারের জন্য বই কেনা হবে।
বরাদ্দের টাকায় প্রতিষ্ঠানের সংস্কারকাজের তদারকিতে নিয়োজিত উপজেলা প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ বলেন, ‘সংস্কারের কাজ নিয়ম মেনেই করা হয়েছে। আমি ইতিমধ্যেই সাতটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সব কটিতেই ঠিকমতো কাজ হয়েছে।’ তাঁর কাছে প্রতিষ্ঠানগুলোর নাম জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ঠিকানা জানতে চাইলে তিনি আরেক দিন আসতে বলেন।
উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের প্রথম আলোকে বলেন, দু-একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনিয়ম হলেও অধিকাংশ ক্ষেত্রে নিয়ম মেনেই বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকায় রাজনীতি করতে গিয়ে মানুষের মন জুগিয়ে চলতে হয়। এ জন্য একটু-আধটু অনিয়ম হয়ে যায়। তালিকা তৈরির ক্ষেত্রে ভাইস চেয়ারম্যানদের মতামত উপেক্ষা প্রসঙ্গে তিনি বলেন, তালিকা তৈরির সময় ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ভারতে ছিলেন। তবে জান্নাতুন নাঈমের দেওয়া নামের ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে।