নাচোলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা?
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রাম থেকে গতকাল বুধবার সকালে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় ব্যক্তিরা বলেছেন, স্ত্রী নাসিমা খাতুনকে (৩৬) হত্যা করে মইদুল ইসলাম (৪২) আত্মহত্যা করেছেন।
মইদুলের কয়েকজন প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মইদুল কখনো রাজমিস্ত্রি, কখনো কৃষিকাজ করতেন। প্রায় দুই মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন মইদুল। ১৫ দিন ধরে তিনি মানুষকে তেড়ে মারতে যেতেন এবং গালাগাল করতেন। সপ্তাহখানেক আগে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনি পালিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। গতকাল তাঁকে পাবনায় নেওয়ার কথা ছিল। মইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন নাসিমা। প্রায় ১২ বছর আগে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে নাসিমাকে বিয়ে করে আনেন তিনি। নাসিমার পুরো ঠিকানা কেউ জানে না। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর প্রথম স্ত্রীকে তালাক দেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া ও নাচোল থানার পরিদর্শক (তদন্ত) মাহতাব উদ্দিন বলেন, গলায় দড়ি পেঁচানো ও চৌকির খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় নাসিমার লাশ ঘরের মধ্যে এবং বাড়ির বাইরে কুমড়ার উঁচু মাচার বাঁশে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মইদুলের লাশ গতকাল সকালে দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে। তাঁদের লাশময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মইদুলের মা নূরফুল বেগম (৫৬) কেঁদে কেঁদে বলেন, ‘এক বছরের মধ্যে হামার দুই ব্যাটা ও এক বেটি মরল। এক ব্যাটার বোহু মরল। এত শোক হামি সহব কেমন কোইর্যা?’
মইদুলের বাবা সেরাজ উদ্দিন বলেন, ‘ছোট ছোট ছ্যালাপিলাগুলাকে এখন কে দেখবে? ভিটামাটি ছাড়া তো কিছুই নাই। আমিও খাটতে পারি না। ভিক্ষা করতে নামা ছাড়া কোনো গতি দেখছি না।’