নাজিমকে ডেকে নিয়ে গুলি, পুলিশের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কৌট্টাবাজার এলাকায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলির সময় আহত নাজিম উদ্দীন গত সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে মারা গেছে। তবে নাজিমের পরিবারের অভিযোগ, পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাজিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা ছিল। তাঁর বাড়ি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কৌট্টাবাজার এলাকায়।
নিহত নাজিমের ভাই নিজাম উদ্দীন প্রথম আলোকে জানান, গত সোমবার ইফতারের পর মুঠোফোনে তাঁর ভাইকে ডেকে নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর তিনি শুনতে পান পুলিশের গুলিতে তাঁর ভাই গুলিবিদ্ধ হয়েছে। তাঁর দাবি, পুলিশ প্রথমে পায়ে গুলি করলেও ঘটনাস্থল থেকে দূরে নিয়ে নাজিমের পেটে গুলি করে।
নাজিম সন্ত্রাসী নয় দাবি করে নিজাম উদ্দীন বলেন, ‘সে জায়গা-জমির ব্যবসা করত ঠিকই। কিন্তু দখল-বেদখলে জড়িত ছিল না।’
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় নাজিম। আহত হন ছয় পুলিশ সদস্য। অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় নাজিমের সহযোগী মো. দিদারকে।
ডেকে নিয়ে গুলি করার অভিযোগের বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম বলেন, নাজিম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এলাকায় জায়গা দখল, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করত। গত সোমবার তাকে গ্রেপ্তার করতে গেলে তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের একজন গুলিবিদ্ধসহ ছয় সদস্য আহত হন।
সোমবার রাতে গোলাগুলির ঘটনায় ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে সীতাকুণ্ড থানায় তিনটি মামলা হয়েছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। এদিকে অস্ত্রসহ গ্রেপ্তার দিদারকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।