নাজিরকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তা সনদপত্র বই নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের নেজারত শাখার নাজির মো. ইলিয়াছ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। 

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, নেজারত শাখায় জাতীয়তা সনদপত্র বই থাকা সত্ত্বেও ইলিয়াছ চৌধুরী এক ওয়ার্ড সচিবকে বই নেই বলে জানান। করপোরেশনের সচিব মজুদ নিবন্ধন খাতা যাচাই করলে বই মজুদ থাকার প্রমাণ পান। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরের ওয়ার্ড সচিব মনসুর আলী জাতীয়তা সনদ বই নেওয়ার জন্য গতকাল সোমবার সকালে নগর ভবনে আসেন। কিন্তু নাজির ইলিয়াছ চৌধুরী তাঁকে বই নেই বলে জানান। এরপর দক্ষিণ হালিশহরের ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক বিষয়টি সচিব রশিদ আহমদকে অবহিত করেন। সচিব নেজারত শাখার মজুদ নিবন্ধন (স্টক রেজিস্ট্রার) খাতা যাচাই করে দেখেন, সেখানে ৪৫টি বই রয়েছে। কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায় ১৫ টি। বাকি ৩০টি বই পাওয়া যায়নি।
সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘নেজারত শাখায় জাতীয়তা সনদপত্র বই না থাকার বিষয়টি আমি সচিবকে অবহিত করে। এরপর সেখানে বই পাওয়া যায়। এ নিয়ে নাজির ইলিয়াছ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বলে খবর পেয়েছি।’