নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। গত সোমবার বিকেলে ফ্যাক্সবার্তায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই প্রজ্ঞাপন পাঠানো হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী জানান, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। এ জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নজরুল ইসলাম পিরোজপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। গত ৫ জানুয়ারি বিএনপির ডাকা অবরোধের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ২৯ মার্চ তিনি নাজিরপুরে এলে উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে চারটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।