নাজিরপুরে কথিত পানিপীর গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রাম থেকে গত বুধবার বিকেলে কথিত পানিপীর আবদুল জব্বার ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবদুল জব্বারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার দুলখোলা গ্রামে। তাঁর সহযোগী বজলুর রহমানের (৩৫) বাড়ি নাজিরপুরের কাউয়ারপার গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে আবদুল জব্বার মাহফিল করার জন্য উপজেলার ষোলশত গ্রামে আসেন। তিনি আসার আগে গ্রামবাসীর কাছে মাহফিলের আয়োজকেরা প্রচার করেন, পীর সাহেব পানিতে ভেসে আসবেন। পীরের জন্য গ্রামবাসীর কাছ থেকে ২৮ মণ চাল এবং কয়েক হাজার টাকা চাঁদা তোলেন স্থানীয় মসজিদের ইমাম বজলুর রহমান। কিন্তু আবদুল জব্বার গাড়িতে আসায় গ্রামবাসীর সন্দেহ হয়। এ সময় সেখানে উপস্থিত লোকজন বজলুর রহমানকে চাপ দেন। এরপর আবদুল জব্বার নদীর পানিতে নেমে কিছু সময় কাটান। খবর পেয়ে পুলিশ জব্বার ও বজলুকে আটক করে থানায় নিয়ে যায়। জব্বারের কাছে নদীতে ভেসে থাকার কিছু ছবিও উদ্ধার করে পুলিশ।