নাজিরপুরে খাসজমি দখলের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সামন্তগাতি গ্রামে খাসজমি দখলের অভিযোগ উঠেছে। ওই জমিতে ‘শেখ রাসেল স্মৃতি যুব সংঘ’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি উপজেলার পরিষদের বিএনপি-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যানের ছেলে।
সামন্তগাতি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলার তারাবুনিয়া বাজারসংলগ্ন সামন্তগাতি গ্রামে এক একর খাসজমিতে কয়েক মাস আগে ‘শেখ রাসেল স্মৃতি যুব সংঘ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেন শরিফুল ইসলাম। তিনি নাজিরপুর উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান সেলিনা বেগমের ছেলে। শরিফুল বালু ফেলে জমিটি ভরাটও করেন। এরপর সেখানে একটি টিনের ঘর তোলা হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনের নজরে আনলে কয়েক দিন আগে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়।
স্থানীয় চার-পাঁচজন বলেন, শরিফুল ওই খাসজমি দখলের জন্য দীর্ঘদিন ধরেই পাঁয়তারা চালাচ্ছেন। তিনি জমিটির বন্দোবস্ত পেতে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদনও করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের নাম ব্যবহার করে সাইনবোর্ড ঝুলিয়ে জমি দখল করেন। বিএনপিপন্থী হয়েও জমি দখলের সুবিধার্থে এ পথ নিয়েছেন শরিফুল।
তবে শরিফুল ইসলাম বলেন, ‘আমি ঘর তুলিনি। ওই খাসজমিতে মাটিভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতাহার মাঝি ঘর তুলেছেন।’ মোতাহার মাঝি বলেন, ‘জমিটি আমি বন্দোবস্ত নিয়েছি। তবে ঘরটি শরিফুল ইসলামই তুলেছেন। সেখানে শেখ রাসেলের নামে ক্লাব হবে।’
মাটিভাঙ্গা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অশোক দাস বলেন, জমিটি কারও নামে বন্দোবস্ত দেওয়া আছে কি না, তাঁর জানা নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইউএনও মো. তবিবুর রহমান গত রোববার বলেন, ‘খাসজমি দখলের খবর আমি পেয়েছি। শরিফুল ওই জমি বন্দোবস্ত পেতে আবেদন করেছেন কি না আমার জানা নেই। তবে তিনি আবেদন করলেও তাঁকে দেওয়া হবে না। কারণ খাসজমি ভূমিহীনদের দেওয়া হবে।’