নাজিরপুরে গরম পানি ছিটিয়ে চারজনকে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি বাজারে গত মঙ্গলবার রাতে মুঠোফোনে টাকা ভরা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে একজন চা-বিক্রেতা গরম পানি ছিটিয়ে চারজনকে দগ্ধ করেছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাঁখারীকাঠি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত আলী মল্লিক (৬০), ব্যবসায়ী অনুপ কুমার মণ্ডল (৩২), বিকাশ ব্যাপারী (২৯) ও উত্তম কুমার ঢালি (৩৫)।
অনুপ কুমার মণ্ডল গতকাল বুধবার মুঠোফোনে বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে বাজারের চা-বিক্রেতা মনোজ বড়াল তাঁর দোকানে এসে মুঠোফোনে টাকা ভরে দিতে (রিচার্জ) বলেন। তা দিতে দেরি হওয়ায় তিনি গালাগাল শুরু করেন। এ নিয়ে তাঁরা বাগ্বিতণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাজার কমিটির সভাপতিসহ কয়েকজন ব্যবসায়ী এসে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেন। কিন্তু মনোজ বড়াল তা না মেনে চায়ের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি ছিটিয়ে দেন। এতে তিনিসহ চারজন দগ্ধ হন। পরে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ও শওকত আলী মল্লিককে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়।
চা-বিক্রেতা মনোজ বড়াল বলেন, ‘রাগের মাথায় কাজটি করেছি।’ শওকত আলী মল্লিকের ছেলে শাঁখারীকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য নেওয়াজ মল্লিক বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।