নাজিরপুরে গৃহবধূকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর ঝনঝনিয়া গ্রামে গত শুক্রবার সকালে শাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর জখম শাহানারা বেগমকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ঝনঝনিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ইলিয়াস শেখের স্ত্রী শাহানারা বেগম দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন। ইলিয়াস শেখের সঙ্গে একই গ্রামের সাহেব আলী শেখের জমি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি বিরোধীয় জমি দখলের জন্য সাহেব আলী শেখ পাঁয়তারা চালাচ্ছিলেন। ৩ ডিসেম্বর ইলিয়াস শেখের বড় ভাইয়ের ছেলে রফিকুল ইসলাম প্রতিপক্ষ সাহেব আলী শেখের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানতে পেরে সাহেব আলী শেখ ক্ষিপ্ত হন। শুক্রবার সকাল ১০টার দিকে শাহানারা বেগম তাঁর মেয়ে সোহানা আক্তারকে (১৩) নিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে যাওয়ার পথে সাহেব আলী শেখসহ চার–পাঁচজন লোক তাঁদের পথরোধ করেন। এরপর তাঁরা ধারালো দা দিয়ে শাহানারা বেগমকে কুপিয়ে জখম করেন। শাহানারা বেগমকে উদ্ধার করতে গিয়ে মেয়ে সোহানা আহত হয়।
তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামি করে গতকাল শনিবার নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শাহানারা বেগম অভিযোগ করেন, মারপিট করার সময় তাঁর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও সোহানার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
সাহেব আলী শেখ বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য মারামারি হলেও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়নি।