নাজিরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে মুরফিয়া বেগম (২২) নামের এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল বুধবার মুরফিয়া বেগমের ভাই এমাদুল হক থানায় মামলা করেন। পুলিশ মামলার আসামি মুরফিয়ার স্বামী সাইদুল ইসলাম বিশ্বাস ও শাশুড়ি রহিমা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, হোগলাবুনিয়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে সাইদুল ইসলাম বিশ্বাসের (৩৫) সঙ্গে সাতকাছিমা গ্রামের আলতাফ হোসেন মোল্লার মেয়ে মুরফিয়া বেগমের চার বছর আগে বিয়ে হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে মুরফিয়ার ঝগড়া হয়। রাত সাড়ে আটটার দিকে দগ্ধ অবস্থায় মুরফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর হাসান জানান, মুরফিয়ার শরীরের ১৮ ভাগ পুড়ে গেছে।
মুরফিয়ার বাবা আলতাফ হোসেন মোল্লা অভিযোগ করেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করত। স্বামী ও শাশুড়ি মিলে মুরফিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে।’ সাইদুল ইসলাম বিশ্বাস বলেন, মুরফিয়া মানসিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ। সে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।