নাজিরপুরে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষে আহত ৭, ভাঙচুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কাঠালিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় দুই বাড়িতে ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান গত মঙ্গলবার রাত আটটার দিকে কাঠালিয়া গ্রামে এক কলেজছাত্রীর বাড়িতে যান। স্থানীয় লোকজন আশিকুরকে মেয়েটির চাচার ঘরে আটকে রাখেন। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসানসহ ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী সেখানে যান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আশিকুরকে নিয়ে যেতে চাইলে তাঁদের সঙ্গে ছাত্রদলের স্থানীয় কর্মীদের সংঘর্ষ হয়। দুই পক্ষের ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ায় ছাত্রদল কর্মী লিমন মোল্লা (২২), হানিফ সরদার (২৬), মুরাদ সরদার (১৮) ও পরশ মল্লিক (১৮) এবং ছাত্রলীগ কর্মী মো. সজল (১৮), শামিম (১৯) ও সুপন (১৮) আহত হন। এ সময় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী ও ছাত্রদল কর্মী পলাশ মোল্লার বাড়িতে ভাঙচুর করা হয়।
ছাত্রদল কর্মী লিমন মোল্লা বলেন, ‘আশিকুর মেয়েটির বাড়িতে গিয়ে অনৈতিক কাজ করায় স্থানীয়রা ঘরে তালা দিয়ে তাঁকে আটক করে রাখেন। খবর পেয়ে আমরা সেখানে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা করেন।’
এ ব্যাপারে কথা বলতে আশিকুরের মুঠোফোনে ফোন দিলে অন্য এক ব্যক্তি ফোনটি ধরে জানান, আশিকুর ফোন চার্জ দিতে তাঁর দোকানে রেখে গেছেন।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যায় আশিকুরসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গেলে পাণ্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে তিনি রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।