নাজিরপুরে জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের কাছ থেকে একটি পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর পর থেকে মাটিভাঙ্গাকেন্দ্রে সুবিধা দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে ১২০ টাকা করে নেওয়া হচ্ছে।
একাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর মাটিভাঙ্গা পরীক্ষাকেন্দ্রে ৫৭৯ জেএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ২ নভেম্বর পরীক্ষা শুরুর পর থেকে সুবিধা দেওয়ার কথা বলে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১২০ টাকা করে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত এ টাকা আদায় করা হয়।
মাটিভাঙ্গা হাজী আবদুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, পরীক্ষাকক্ষে দায়িত্ব পালন করা শিক্ষকদের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে। প্রতিদিন পরীক্ষা শুরুর পর থেকে শিক্ষকেরা টাকা আদায় করেন।
মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থী বলে, ‘কী জন্য টাকা দিতে হবে, তা স্যারদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ২০ টাকা আয়া ও দপ্তরির জন্য। বাকি ১০০ টাকা পরীক্ষার হলে যে সুবিধা পেয়েছ, সে জন্য দিতে হবে।’
টাকা নেওয়ার কথা স্বীকার করে সহকারী কেন্দ্রসচিব অসিত মল্লিক বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র খরচ হিসেবে পাওয়া টাকার চেয়ে আমাদের খরচ বেশি হয়েছে। এ কারণে সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ১২০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে টাকা নিয়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগ সত্য নয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান বলেন, ওই কেন্দ্রের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগ রয়েছে। টাকা আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে কেন্দ্রসচিব সন্তোষ কুমার কুণ্ডুর মুঠোফোনে ফোন দিলে তিনি তা ধরেননি। তবে সহকারী কেন্দ্রসচিব বলেন, কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ ঠিক নয়।