নাজিরপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর ছোট বুঁইছাকাঠি এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় নিখোঁজের তিন দিন পর সেলিম হাওলাদার (৪৩) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সেলিম হাওলাদার পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের আবু বক্কর হাওলাদারের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, ক্ষুদ্র ব্যবসায়ী সেলিম হাওলাদার নাজিরপুরের ছোট বুঁইছাকাঠি গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর সেলিম হাওলাদারের সন্ধান না পেয়ে গত সোমবার দুপুরে তাঁর স্ত্রী সোহানা আক্তার স্থানীয় থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার বিকেলে সেলিম হাওলাদারের বড় মেয়ে সানজিদা আক্তার খরগোশের জন্য বাড়ির পাশের কালীগঙ্গা নদীর তীর থেকে ঘাস আনতে গিয়ে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে।

সোমবার রাতে নিহত সেলিম হাওলাদারের মা শরীফা বেগম স্থানীয় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, লাশের সঙ্গে ইট বাঁধা ছিল। নিহত ব্যক্তির মাথা ও ডান পায়ে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর লাশের শরীরে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।