নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম শেখ (৪৭)। গতকাল রোববার সকালে উপজেলার পাতিলাখালী গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। নজরুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের সঙ্গে চাচাতো ভাই লুৎফর শেখ ও হাবিবুর রহমানের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ ছিল। গত শনিবার বিরোধপূর্ণ জমিতে একটি গাছ কেটে ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। গতকাল সকালে নজরুল ইসলাম ও তাঁর বড় ভাই শাহাবুদ্দিন বাজারে যাচ্ছিলেন। স্থানীয় ব্র্যাক কার্যালয়ের সামনে পৌঁছালে তাঁদের পিটিয়ে আহত করে লুৎফর শেখ, হাবিবুর রহমানসহ ১০ থেকে ১২ জন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন দুপুরে নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানভীর হাসান বলেন, নজরুল ইসলামের মাথায় গুরুতর জখম ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে নজরুল ইসলামের পরিবারের সঙ্গে চাচাতো ভাই লুৎফর শেখ ও হাবিবুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। সালিসের মাধ্যমে ওই গাছ নজরুল ইসলামদের পরিবারকে দেওয়া হয়। শনিবার রাতে লুৎফর শেখের লোকজন একটি গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পরিবারের মধ্যে আবার ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নজরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।