নাজিরপুরে প্রার্থিতার ঘোষণা দেওয়ায় মারধর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থিতার ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার রাতে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল শনিবার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত নারীর নাম নয়ন রানী হালদার (৩৫)। তাঁর বাড়ি শ্রীরামকাঠি বাজারের রামকৃষ্ণ সড়ক এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম গোপাল চন্দ্র স্বর্ণকার। তাঁর বাড়িও একই এলাকায়।
গোপাল চন্দ্র স্বর্ণকার বলেন, ‘নয়ন রানী হালদারের কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি আমাকে অপমান করেন। এ সময় তাঁকে একটি ধাক্কা দিয়েছি।’
স্থানীয় লোকজন ও নয়ন রানীর পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৪ জুন ষষ্ঠ দফায় শ্রীরামকাঠি ইউনিয়নে নির্বাচন হবে। ৯ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই নির্বাচনে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপদে রাখাল চন্দ্র হালদারের স্ত্রী নয়ন রানী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ কারণে ওই ওয়ার্ডের বর্তমান নারী সদস্য ডেলটা রানীর স্বামী গোপাল চন্দ্র স্বর্ণকার ক্ষুব্ধ হন।
শুক্রবার রাত ১০টার দিকে গোপাল ১০-১২ জন লোক নিয়ে নয়ন রানীর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। খবর পেয়ে নয়ন রানীর স্বামী দ্রুত বাড়ি এসে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নয়ন রানী হালদার বলেন, ‘শুক্রবার রাতে গোপাল চন্দ্র লোকজন নিয়ে আমার বাসায় জোর করে ঢুকে আমাকে নির্বাচনে প্রার্থী হতে নিষেধ করেন। তাঁর কথা মানতে রাজি না হওয়ায় আমাকে মারধর করেন তিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রোকসানা ফেরদৌসী বলেন, মারধরে আহত হয়ে নয়ন রানী হালদার হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাজিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপক চন্দ্র গতকাল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ওসি স্যার সভায় যোগ দিতে পিরোজপুর থাকায় এখনো মামলা নেওয়া হয়নি।’