নাজিরপুরে ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে সোনালী ব্যাংক থেকে গতকাল রোববার দুপুরে জলিল হাওলাদার (৭৫) নামের এক মুক্তিযোদ্ধার ৬৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জলিল হাওলাদারের বাড়ি উপজেলার গিলাতলা গ্রামে।

জলিল হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম বলেন, গতকাল রোববার দুপুর ১২টার দিকে অসুস্থ জলিল হাওলাদারকে নিয়ে তিনি মুক্তিযোদ্ধার ভাতার টাকা তুলতে সোনালী ব্যাংকের নাজিরপুর শাখায় যান। ব্যাংক থেকে ৭১ হাজার টাকা তুলে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষের চেয়ারে জলিল হাওলাদারকে বসিয়ে রেখে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুৎ বিল দিতে যান। ফিরে এসে দেখেন তাঁর স্বামীর কাছে থাকা টাকাভর্তি ব্যাগের একপাশ কাটা এবং ব্যাগের ভেতরে থাকা ৬৫ হাজার টাকা নেই। তিনি ব্যাংক থেকে যাওয়ার সময় জলিল হাওলাদারের পাশে ২৫ থেকে ৩০ বছর বয়সের এক যুবককে বসে থাকতে দেখে গেছেন।

ব্যাংকে টাকা তুলতে আসা গ্রাহক স্বপন কুমার হালদার বলেন, ব্যাংকে সিসি ক্যামেরা থাকলে দুর্বৃত্তকে শনাক্ত করা যেত। সিসিটিভি না থাকায় এমন ঘটনা ঘটেছে। এর আগে কয়েকবার এমন ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ব্যবস্থা করেনি।

ব্যাংকের ব্যবস্থাপক নূরুল ইসলাম বলেন, ব্যাংক থেকে গ্রাহকদের সাবধানে টাকা রাখার পরামর্শ দেওয়া হয়। আগামী মাসে স্থান পরিবর্তন করা হবে বলে সিসি ক্যামেরা লাগানো হয়নি। নাজিরপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।