নাজিরপুরে মামলার বাদীকে হুমকির অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মেহরাব জামান (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী পক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
বাদী পক্ষের লোকজন বলেছেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার তো করা হচ্ছেই না, উল্টো মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা মেহরাবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।
এদিকে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার ২১ দিন পার হলেও মেহরাবের চেতনাশক্তি পুরোপুরি ফিরে আসেনি। চোখ মেললেও তিনি কাউকে চিনতে বা কথা বলতে পারছেন না।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাটিভাংগা গ্রামের মৃত মাহবুব জামানের ছেলে মেহরাব জামান ২০১২ সালের ২৫ নভেম্বর একই উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত ওয়াদুদ শেখের মেয়ে ডায়মন্ড আক্তারকে বিয়ে করেন। তাঁদের বিয়ে ডায়মন আক্তারের পরিবার মেনে নেয়নি।
৭ নভেম্বর সন্ধ্যায় মেহরাব স্ত্রী ডায়মন আক্তারের সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যান। রাত আটটার দিকে ওই বাসা থেকে ফেরার পথে ডায়মন্ডের ভাই খালিদ হোসেনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মেহরাবকে পেছন থেকে বেধড়ক পেটায়। গুরুতর আহত মেহরাবকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মিরপুর সিআরপিতে চিকিৎসাধীন।
এ ঘটনায় ১৩ নভেম্বর মেহরাবের মা কামরুন নাহার বাদী হয়ে পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ১ এ খালিদ হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। বিচারক বাদীর নালিশি দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা নেওয়ার জন্য নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরদিন থানা মামলাটি রুজু করে।
কামরুন নাহার অভিযোগ করেন, থানা মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা করেন। এরপর আসামি পক্ষের লোকজন তাঁকে ও তাঁর দেবর বেলায়েত হোসেনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। তিনি বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে নিরপত্তাহীনতায় আছেন।
প্রধান আসামি খালিদ হোসেনের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি। মামলার ৪ নম্বর আসামি বেদার আলী বলেন, ওই ঘটনার সময় তিনি অসুস্থ থাকায় বাড়িতে ছিলেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘মামলার বাদীকে হুমকির কথা আমাকে কেউ জানাননি। আসামিরা এলাকায় না থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।’