নাজিরপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামে গোত্রগত বিরোধের জের ধরে গতকাল সকালে প্রতিপক্ষের আগুনে পুড়ে যাওয়া কয়েকটি বসতঘর l ছবি: প্রথম আলো
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামে গোত্রগত বিরোধের জের ধরে গতকাল সকালে প্রতিপক্ষের আগুনে পুড়ে যাওয়া কয়েকটি বসতঘর l ছবি: প্রথম আলো

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে গোত্রগত বিরোধের জের ধরে যুবলীগ নেতা মুজাহিদ শেখের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে দাড়িয়া ও হাওলাদার বংশের শতাধিক লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মুজাহিদ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য পরিবারের সদস্যরা মুজাহিদ শেখের ঘরের দরজা বন্ধ করে আশ্রয় নেন। এরপর মুজাহিদ শেখ, তাঁর বাবা দেলোয়ার শেখ, ভাই আবু সাঈদ শেখ ও চাচাতো ভাই জাকির শেখের ঘরে অগ্নিসংযোগ এবং মুজাহিদের ভাই রাজীব শেখের ঘর ভাঙচুর করা হয়। হামলায় মুজাহিদের স্ত্রী রোজিনা বেগম (২৮) ও ভাই আবু সাঈদ (৩৫) আহত হন। আগুনে দেলোয়ার শেখের দুটি ও জাকির শেখের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মালিখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ শেখ অভিযোগ করেন, মঙ্গলবার সকালে পরিবারের মালিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক হাওলাদার, স্বপন দাড়িয়ার নেতৃত্বে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সিদ্দিক হাওলাদার ও স্বপন দাড়িয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার সময় আমরা এলাকায় ছিলাম না। আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের শেখ বংশের সঙ্গে মিঠারকুল গ্রামের হাওলাদার বংশ ও পেনাখালী গ্রামের দাড়িয়া বংশের বিরোধ চলে আসছে। ২০১১ সালের ৮ নভেম্বর শেখ ও হাওলাদার বংশের সঙ্গে দাড়িয়া বংশের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে শেখ ও হাওলাদার বংশের কয়েক শ মানুষ পেনাখালী গ্রামের দাড়িয়া পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে দেয়। এ ঘটনায় ইয়াহিয়া দাড়িয়া ও বাবুল শেখ নিহত হন। আগ্নিসংযোগে দাড়িয়া বংশের অর্ধশত পরিবারের ৯৮টি ঘর পুড়ে যায়। দাড়িয়া বংশের করা মামলায় টিপু সুলতান ও মুজাহিদ শেখ অন্যতম আসামি।