পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে দুটি ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় যুবলীগের দুই নেতা প্রায় দেড় মাস আগে কাঠ ও টিনের এসব ঘর নির্মাণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা বাজারসংলগ্ন গার্ডার সেতুর উত্তর প্রান্তে মাটিভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বেদার আলী ফরাজী ও ইউনিয়ন যুবলীগের সদস্য আইয়ুব আলী ফরাজী ঘর দুটি নির্মাণ করেন। এ জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি।
মাটিভাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. শামিম হাসান প্রথম আলোকে বলেন, ‘দখল হওয়া জমির মালিক ছিলেন আমার বাবা লোকমান হাকিম। সড়ক সম্প্রসারণ ও নতুন গার্ডার সেতু নির্মাণের জন্য আমাদের ৬৮ শতাংশ জায়গার ৬০ শতাংশ সওজ বিভাগ অধিগ্রহণ করে। দখলকারীরা ওই অধিগ্রহণ করা সড়কের ঢালে সওজের জায়গায় ঘর নির্মাণ করেছেন। এতে আমাদের জায়গা ব্যবহারে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আমি সওজ বিভাগের পিরোজপুর কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছি। কিন্তু অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ছয় মাস আগে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আবদুর রশিদ ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মাদ আলী শেখ মাটিভাঙ্গা বাজারসংলগ্ন পুরোনো বেইলি সেতুর মুখে সওজ বিভাগের জায়গা দখল করে দুটি ঘর নির্মাণ করে ভাড়া দেন। সওজ বিভাগ কোনো প্রতিকার করেনি। এ জন্য অন্যরাও ঘর নির্মাণ করছেন।
জানতে চাইলে বেদার আলী ফরাজী বলেন, স্থানীয় যুবলীগের কার্যালয় করার জন্য ঘরটি নির্মাণ করা হয়েছে। তা ছাড়া সড়কের পাশে আরও অনেকেই ঘর তুলেছেন।
আইয়ুব আলী ফরাজী বলেন, ‘সড়কের পাশে আমি ঘর তুলেছি, তাতে আপনাদের কী? তা ছাড়া ঘর তোলার জন্য কার কাছ থেকে অনুমতি নেব না-নেব, তা আমরা বুঝব।’
গত বৃহস্পতিবার জানতে চাইলে সওজ বিভাগের পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, সড়কের পাশে নির্মাণ করা ঘর সরিয়ে নিতে শিগগিরই চিঠি দেওয়া হবে। দখলদারেরা সরিয়ে না নিলে ভেঙে ফেলা হবে।