নাজিরপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমান মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমান মোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
সিদ্দিকুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নাজিরপুর শহর থেকে তাঁর ছোট বোন শিরিনা আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে সাতকাছিমিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে প্রতিবেশী পুলিশ কনস্টেবল অহিদুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই মহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে চার-পাঁচজন সিদ্দিকুর রহমানের ওপর হামলা করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় শিরিনা আক্তারের চিৎকারে লোকজন এসে সিদ্দিকুর রহমানকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, হামলার পর অহিদুল লোকজন নিয়ে তাঁর ঘের থেকে অর্ধলাখ টাকার চিংড়ি মাছ লুট করেন। তিনি চিকিৎসা শেষে আদালতে মামলা করবেন বলে জানান।
অহিদুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছোট ভাইয়ের সঙ্গে সিদ্দিকুর রহমানের ঝগড়া হলে আমি তাঁদের নিবৃত্ত করতে সেখানে যাই।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।