নাজিরপুরে হত্যা মামলার আসামির ঘরে লুট
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যুবলীগ নেতা ইলিয়াস হত্যা মামলার দুই আসামির ঘরে লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার ভাইয়ের নেতৃত্বে এ লুটপাট হয় বলে জানা যায়।
উপজেলার কলাতলা গ্রামের হেমায়েত শেখের ছেলে ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা হয়। মামলার দুই আসামি একই গ্রামের সোহেল শেখ ও কবির শেখের বাড়িতে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে লুটপাটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ইলিয়াসের ভাই মাহতাব শেখের নেতৃত্বে আট থেকে দশজন লোক আসামি সোহেলের বাড়িতে এসে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। পরে ঘরে ঢুকে তাঁরা স্বর্ণালংকার লুট করে চলে যায়। এরপর তাঁরা মামলার আরেক আসামি কবিরের বাড়িতে গিয়ে একই কায়দায় দরজা খুলিয়ে ঘরে থাকা ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করেন।