নাজিরপুরে হিন্দুদের জমি দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কয়েকটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে নাজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার কাঁঠালিয়া গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা সুজন ডাকুয়া। এ সময় উপস্থিত ছিলেন ওই গ্রামের বাসিন্দা কৃষ্ণ দাস হালদার, গজেন্দ্র নাথ গাইন, তরুণ মল্লিক, কালু ঋষি, সুভাস গাইন, সুখরঞ্জন ডাকুয়া, পান্না বিশ্বাস, বিবেক বৈরাগী, সুমন গাইন, রামকৃষ্ণ গাইন, শঙ্কর তরুয়া, রবিন্দ্র নাথ ডাকুয়া ও অমিয় ডাকুয়া। তাঁদের জমিও ওই আওয়ামী লীগ নেতা দখলের চেষ্টা করছেন বলে তাঁদের অভিযোগ।
লিখিত বক্তব্যে সুজন ডাকুয়া অভিযোগ করেন, নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাৎ হোসেন খান কাঁঠালিয়া গ্রামের হিন্দু পরিবারগুলোর জমি জবরদখলের চেষ্টা করছেন। সুজনের মালিকানাধীন ভোগদখলীয় ৬৬ শতাংশ বাগানবাড়ির জমি জাল কাগজপত্র তৈরি করে শাহাদাৎ হোসেন অবৈধভাবে দখল করার পাঁয়তারা চালাচ্ছেন। গত ৩০ জুলাই শাহাদাৎ লোকজন নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান। এ ছাড়া শাহাদাৎ তাঁর পক্ষের লোকজন দিয়ে সুজন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা দিয়ে হয়রানি করে আসছেন। দেশত্যাগ করার জন্য হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁর অত্যাচারে গ্রামের বাসিন্দা নিতাই গাইন ও মৃণাল হালদার কম মূল্যে জমি বিক্রি করে সপরিবারে ভারতে চলে গেছেন।
সংবাদ সম্মেলনের পরে তরুণ মল্লিক ও শঙ্কর তরুয়া প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁর ২২ শতাংশ জমি সাহাদাৎ হোসেন দখলের পাঁয়তারা করছেন।
সুমন গাইন অভিযোগ করেন, তাঁর বাবা কেদার নাথ গাইন ও চাচা নিতাই গাইনের কাছ থেকে সাহাদাৎ বিভিন্ন সময় প্রায় ১০ একর জমি কিনে নেন। কিন্তু নিতাই গাইনকে জমির ন্যায্যমূল্য দেওয়া হয়নি। একপর্যায়ে সাহাদাতের চাপে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
সুমন গাইন আরও অভিযোগ করেন, তাঁর নিজের ১৮ শতাংশ জমি সাহাদাৎ দখলের চেষ্টা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জমি দখলের চেষ্টার অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে শাহাদাৎ হোসেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বলে তিনি নিশ্চিত করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহাদাৎ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সংখ্যালঘুদের কোনো সম্পত্তি দখল করিনি। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ‘আমি একটি প্রশিক্ষণে আছি। নাজিরপুরে গিয়ে এ ব্যাপারে খোঁজ নিব।’